নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব বিরোধের জেরে ২২ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি রায়হান বেপারীকে (৩০) কুপিয়ে ও গুলি করে জখমের ঘটনায় যুবলীগ নেতা সায়েমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শনিবার (১১ জুলাই) রাতে বন্দর থানার রাজবাড়ি বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১২ জুলাই) রাতে আহত রায়হানের মা রাবেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-২৬(৭)২৬)।
মামলার এজাহারে যুবলীগ নেতা সায়েম, তারেক, নাইম, শামীম, আমিন, মুন্না, কেটু নাসির, সাব্বির, সাইদুর ও পারভেজকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে রায়হানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় তাকে কুপিয়ে আহত করার পাশাপাশি পিস্তল দিয়ে পিঠে একাধিক গুলি করা হয়। তাকে রক্ষা করতে গেলে পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, রায়হান ও সায়েম একসঙ্গে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। ব্যবসায়িক বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


































