নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানে গত চার দিনে মোট ৯৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বন্দর থানা পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিনের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে সেতারা বেগম (৩৫) নামে এক নারীকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি শহিদুল্লা (৩০) ও মো. শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, “অপরাধ দমনে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার পরিচয় অপরাধী। আল্লাহ যতদিন আমাকে এই দায়িত্বে রাখবেন, ইনশাআল্লাহ ততদিন একইভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে এলে সেটি পুলিশের বিষয় নয়; এটি বিচার বিভাগের বিষয়। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বন্দর থানা পুলিশ বলছে, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সম্পর্কিত বিষয়: