নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষ, ভাংচুর, আহত ১৫

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষ, ভাংচুর, আহত ১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বি-ব্রাদার্স লিমিডেট নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিকরা। এতে মহাসড়কের দু' পাশে অনন্ত ১২ কিলোমিটার এলাকায় জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানযটে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যানবাহনের চালকরা। শ্রমিকরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প ও থানা পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় শ্রমিকরা বেশ কয়েকটি বাস ও কারখানা ভাংচুর করে। সংঘর্ষে শ্রমিক পুলিশ সহ অনন্ত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি। 


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রূপগঞ্জের মৈকুলী এলাকায় কারখানার সামনে অবস্থানের পর শ্রমিকরা সড়কে নেমে আসে। দুপুর পর্যন্ত তারা সড়ক ছাড়েনি।


শ্রমিকরা জানান, কারখানাটিতে দুই হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা গত ২০২৫ সালের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়ে তালবাহানা করছেন। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮ থেকে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করেন। কিন্ত বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চুড়ান্ত মিমাংসা না হওয়ায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন জানান, বকেয়া বেতনের জন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপসহ যানবাহন ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। পরে মালিক পক্ষের সাথে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।