সিদ্ধিরগঞ্জে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় কিং প্যালেস পার্টি সেন্টারে ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিল্প এবং জাতির মেরুদণ্ড। এই শিল্পের উদ্যোক্তা আপনারা আর শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আপনারা নিজেদের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নিন। বেসরকারি স্কুল শিক্ষকদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। লেখনীর মাধ্যমে আপনাদের দাবি-দাওয়া তুলে ধরুন, যাতে তা সরকারের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছায়।
এ সময় তিনি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রতিবন্ধকতার বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মহলে আলোচনা করে দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি শিক্ষকদের ধৈর্য ধরে যুক্তিসংগত উপায়ে নিজেদের দাবি উপস্থাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন বলেন, মেধার প্রতিযোগিতায় টিকতে না পেরে কিছু মহল পরিকল্পিতভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাইরে রাখার চেষ্টা করছে।
বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের জন্য সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে তারা পিছু হটেছে। ষড়যন্ত্র এখনো থেমে নেই, তাই আমাদের সজাগ থাকতে হবে।
সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি শামসুজ্জামান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, শিক্ষক নেতা কাউসার আহমেদ, মোশারফ হোসেন সহ সিদ্ধিরগঞ্জের ১০ ওয়ার্ডের প্রতিনিধিরা।

আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উকিল উদ্দিন ভুইয়া, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন সহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
আলোচনা শেষে দেশ, জাতি ও শিক্ষাব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

































