নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৩ ঘণ্টায় গ্রেপ্তার ১০৬, মাদক ও অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৩ ঘণ্টায় গ্রেপ্তার ১০৬, মাদক ও অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে মোট ১০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টার এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সাতটি থানা পুলিশ স্ব স্ব এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।

​অভিযানে সবচেয়ে বেশি ৩১ জনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আটকদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ মাদকসেবী ও মাদকের এজাহারনামীয় আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে। 

সেইসাথে সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে ২২ জন মাদকসেবীকে আটক করে।

​সিদ্ধিরগঞ্জ থানায় পরিচালিত অভিযানে ১৪ জন মাদকসেবী আটক হয়। এছাড়া সোনারগাঁও ও আড়াইহাজার থানা পুলিশ পাঁচজন করে মোট ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে।

​বন্দর থানা পুলিশ অভিযানে সর্বমোট ১১ জনকে আটক করে। এদের মধ্যে ৪ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি (জিআর-১ ও সিআর-১) এবং সুইচগিয়ার ও নগদ ৪ হাজার টাকাসহ ৩ জন ছিনতাইকারী রয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজার পুরিয়া ও ৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

​জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার আইনি প্রক্রিয়া চলছে।