নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৩, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৪৮ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি, ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন ছিনতাইকারী রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলার আসামি, অন্যান্য মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজন, নয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশ মাদকসেবী নয়জন, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা পুলিশ ১১১ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি, ১৭ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া রূপগঞ্জ থানা পুলিশ মাদকসেবী একজন, ওয়ারেন্টভুক্ত সাতজন, অন্যান্য মামলার একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের তথ্যমতে, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি ছয়জন, মাদকসেবী ৪৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ছিনতাইকারী একজন, নিয়মিত মামলার আসামি দুজন, অন্যান্য ধারার মামলার আসামি পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন। সর্বমোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।