রূপগঞ্জে পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় ৮ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে একটি প্রাইভেটকারে করে মাদক বহন করে এলাকায় প্রবেশ করে কয়েকজন মাদক বিক্রেতা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শীর্ষ মাদক বিক্রেতা আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেন।
এ সময় মাদক বিক্রেতারা স্থানীয়দের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃতদের তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।


































