নারায়ণগঞ্জের বন্দরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হান্নান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তার হান্নান বন্দর উপজেলার মিনারবাড়ী ডুমুরতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে হান্নানের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বন্দর থানায় মামলা নং-৩৯(৭)২৬ হিসেবে রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হান্নান দীর্ঘদিন ধরে মিনারবাড়ী ডুমুরতলা এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত হান্নানকে শনিবার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































