নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬

বন্দরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১২, ৬ আগস্ট ২০২৬

বন্দরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ছুরিকাঘাতে আমির হোসেন ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি হাবিব নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন।

নিহত ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার মৃত জসিম উদ্দিন ওরফে লেছু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে ডালিম ও হাবিবের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ডালিম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হাবিব পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।