নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ আগস্ট ২০২৬

বন্দরে মাদক বহনে রাজি না হওয়ায় জামাতাকে পিটিয়ে আহতের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৩, ২৮ আগস্ট ২০২৬

বন্দরে মাদক বহনে রাজি না হওয়ায় জামাতাকে পিটিয়ে আহতের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে মাদকদ্রব্য বহন করতে রাজি না হওয়ায় শুভ (২৩) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তার শ্বশুর ও কথিত মাদক কারবারি কানা রফিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বন্দর থানার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শুভর মা আকলিমা বেগম বাদী হয়ে তার পুত্রবধূ নির্ঝনা, নির্ঝনার বাবা কানা রফিক ও মা রিতা বেগমকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আকলিমা বেগম উল্লেখ করেন, তার ছেলে শুভর শ্বশুর কানা রফিক বন্দর থানার তালিকাভুক্ত মাদক কারবারি। ঘটনার দিন কানা রফিক অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য মাদকদ্রব্য তার মেয়ে নির্ঝনার কাছে দেন। পরে নির্ঝনা তার স্বামী শুভকে ওই মাদক বহন করে অন্যত্র পৌঁছে দিতে বলেন।

শুভ এতে রাজি না হওয়ায় তার স্ত্রী নির্ঝনা, শ্বশুর কানা রফিক ও শাশুড়ি রিতা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লোহার রড ও এসএস পাইপ দিয়ে শুভকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের পর আহত শুভকে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।