পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সোনাকান্দা ঋষিপাড়া থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় সোনাকান্দা ঋষিপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি ঋষিপাড়া থেকে রুপালী, বাবুপাড়া, বন্দর বাজার, আমিন আবাসিক এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি নারায়ণগঞ্জ শহরে আয়োজিত কেন্দ্রীয় বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে মিলিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাস।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শ্রী অরুন দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সূত্রধর।
এ ছাড়া বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন, বন্দর উপজেলা শাখার সহ-সভাপতি অবনী রঞ্জন হালদার ও নারায়ণ বর্মন, সাংগঠনিক সম্পাদক কার্তিক সূত্রধর, ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শিখন দাস, ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মিঠুন চক্রবর্তী ও দীপক দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রার পুরো পথ।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে আয়োজিত কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


































