নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই শিশু অপহরণ: মানব পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই শিশু অপহরণ: মানব পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাচারের উদ্দেশ্যে দুই শিশু অপহরণের ঘটনায় মানব পাচার চক্রের আরও এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত স্টিভ মার্টিন ডি রোজারিও (৩২) তিন দিনের পুলিশ রিমান্ড শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, বিপিএম জানান, তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও গোপনীয় সূত্রের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও তালতলা মা ভিলা গলির ১৭৮/২ নম্বর বাসায় অভিযান চালিয়ে স্টিভ মার্টিন ডি রোজারিওকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় গত ১৩ মে মামলা দায়ের করা হয়। মামলাটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/১০ ধারায় করা হয়েছে।

 

যেভাবে উদ্ধার হয় দুই শিশু

 

মামলার এজাহার ও পিবিআইয়ের তদন্ত সূত্রে জানা যায়, বাদী ঝর্না আক্তারের সঙ্গে তার স্বামী মো. মেজবাহ উদ্দিনের পারিবারিক বিরোধ চলছিল। তাদের দুই সন্তান আরিয়ান (৫) ও আব্দুর রহমান জুবায়েত (২৮ দিন)।

 

গত ২১ এপ্রিল সন্ধ্যায় মেজবাহ উদ্দিন পূর্বপরিচিত এমদাদুল হক রাব্বানীর সহযোগিতায় ও পূর্বপরিকল্পিতভাবে বাদিনীর অজ্ঞাতে দুই শিশুকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। পরে শিশুদের পাচারের উদ্দেশ্যে বিক্রির জন্য অপহরণ করা হয়েছে জানতে পেরে থানায় অভিযোগ করেন মা।

 

তদন্তের ধারাবাহিকতায় গত ১৩ মে রাতে ঢাকার সাভারের আড়াপাড়া নিঝুমনিবাস এলাকা থেকে মেজবাহ উদ্দিনের হেফাজত থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তীতে তার দেওয়া তথ্য, আদালতে দেওয়া জবানবন্দি ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গত ১৮ মে ঢাকার কড়াইল বস্তির টিএনটি গেট এলাকা থেকে এমদাদুল হক রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর-ই-নাসরিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়।

 

পিবিআই জানায়, গ্রেপ্তার এমদাদুল হক রাব্বানী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং সেখানে স্টিভ মার্টিন ডি রোজারিওর সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন।

 

তিন দিনের রিমান্ড শেষে আদালতে

 

পিবিআইয়ের তদন্তে গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া জবানবন্দি, তথ্য-প্রযুক্তিগত তথ্য-উপাত্ত এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে স্টিভ মার্টিন ডি রোজারিওর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

 

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

 

রিমান্ড শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মানব পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

 

পিবিআই বলছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণে প্রাথমিকভাবে স্টিভ মার্টিন ডি রোজারিওকে একটি সক্রিয় মানব পাচার চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

 

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগীদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের শিশুদের টার্গেট করতেন। বিভিন্ন প্রলোভন ও কৌশলের মাধ্যমে শিশু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

 

এ ছাড়া, এর আগেও আরও কয়েকজন শিশুকে পাচারের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

 

পাচার হওয়া অন্যান্য শিশুদের উদ্ধার এবং মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পিবিআই নারায়ণগঞ্জ জেলার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: