ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামী নীতি-আদর্শের মধ্যেই প্রকৃত শান্তি ও মুক্তির গ্যারান্টি রয়েছে। তিনি বলেন, আত্মতৃপ্তি ও মানবকল্যাণের পথ ইসলামেই নিহিত।
সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, "হিন্দু, খ্রিস্টানসহ যেকোনো সম্প্রদায়ের মানুষের প্রতি আমি বলতে চাই, যদি আপনারা পৃথিবীতে শান্তিতে থাকতে চান, ইসলামী আদর্শই সেই শান্তির নিশ্চয়তা দিয়েছে।"
তিনি আরও বলেন, গত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অন্যান্য ইসলামী দলের সঙ্গে এক কাতারে দেখানোর চেষ্টা করা হলেও জনগণ প্রকৃত ইসলামী দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তাঁর দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বচ্ছ ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং মহানগরের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এতে কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সীসহ জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের সততা, যোগ্যতা ও ইসলামের খেদমতে আন্তরিকতা বিবেচনা করে নির্বাচন করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলাদলি পরিহার করে দ্বীনের একজন খাদেম হিসেবে সংগঠনের কাজ করে যেতে হবে।
প্রধান বক্তা মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "আমরা কখনো অপশক্তির সঙ্গে আপস করিনি। সত্য ও ন্যায়ের পক্ষে অতীতেও ছিলাম, এখনও আছি। আদর্শিক রাজনীতির কারণেই মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আস্থা রাখছে।"
সম্মেলনের শেষ পর্বে পীর সাহেব চরমোনাই ২০২৪-২০২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬-২০২৮ সেশনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হিসেবে মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি মো. সুলতান মাহমুদ দায়িত্ব পান।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহ-সভাপতি ফারুক আহমেদ মুনশি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।


































