নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে স্থানীয় অগ্রণী ব্যাংক মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৪টি দল অংশগ্রহণ করছে এ প্রতিযোগিতায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকির হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শহীদুল ইসলাম স্বপন, জাতীয় ফুটবলার মো. সোহেল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উদ্বোধনী ম্যাচে ষষ্ঠ শ্রেণির ‘গ’ শাখা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সপ্তম শ্রেণির ‘চ’ শাখাকে ৩-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ আগামী দিনগুলোতে অনুষ্ঠিত হবে।


































