নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬

বন্দরে বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিল আর নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৬, ২৩ জুন ২০২৬

বন্দরে বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিল আর নেই

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিল (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ভোর ৪টায় বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মঙ্গলবার বাদ জোহর বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় সোনাকান্দা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

জানাজা শেষে বন্দর উপজেলা ভূমি কর্মকর্তা রাহিমা আক্তার ইতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

 

মরহুম মনির হোসেন মঞ্জিল বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার বাসিন্দা এবং মরহুম বালু সিকদার মিয়ার সন্তান ছিলেন।

 

তাঁর জানাজা ও দাফান অনুষ্ঠানে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন এবং এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

 

বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।