নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
আবুল কাউছার আশা বলেন, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, জাতীয়করণ, জমি-সংক্রান্ত সমস্যা সমাধান, শিক্ষক সংকট দূরীকরণ, খেলার মাঠের উন্নয়ন এবং বাউন্ডারি দেয়াল নির্মাণসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় সব বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের ১৭০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী যাতে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও সমাজসেবীদের বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম। পরে পরিষদের সদ্য প্রয়াত সভাপতি মরহুম হারুন অর রশিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়।
এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ক্রীড়া সম্পাদক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন কমিটির সভাপতি আসলাম মিয়া এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক।
সভায় সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি আসলাম মিয়া এবং সঞ্চালনা করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক শরীফ সুমন।
এসময় উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সহ-সভাপতি সামছুল হক বাচ্চু, ভবানী শংকর রায় ও ফারুক আহাম্মদ রিপন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন, কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, কালিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লতিফুর রহমান, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলিসা বেগম, শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


































