নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬

এমপি আল আমিনের কঠোর সমালোচনায় জুলকারনাইন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৫, ৪ মার্চ ২০২৬

এমপি আল আমিনের কঠোর সমালোচনায়  জুলকারনাইন

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে জামায়াতের ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র সমালোচনা করেছেন আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের প্রধান জুলকারনাইন সায়ের। এমপির এই আচরণকে কটাক্ষ করে তিনি বলেছেন, “প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম্যান হওয়া যায় না।”

মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের এই মন্তব্য করেন। তিনি এমপি আল আমিনের এই কর্মকাণ্ডকে সস্তা ‘স্টান্ট’ এবং রাজনৈতিক ‘অপরিণত’ আচরণ হিসেবে অভিহিত করেছেন।

সায়ের তার পোস্টে উল্লেখ করেন, ফ্যাসিস্টের দোসরদের কাছ থেকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা নেওয়া যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও তাদের সাথে একই মঞ্চে দাঁড়ান। এমনকি খোদ সাবেক প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের খুনি আসামির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। অথচ এমপি আল আমিন নিজের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে গিয়ে মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্ট’ ডেকে নিজের ‘হেডম’ (বাহাদুরি) প্রকাশ করতে চেয়েছেন।

তিনি সরাসরি এমপিকে উদ্দেশ্য করে লেখেন, “প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব।”

অন্য একজনের মন্তব্যের জবাবে সায়ের বলেন, “আপনার প্রতিপক্ষের ইফতার দাওয়াতে তো যান নাই, গেছেন নিজ জোট সঙ্গীর ইফতার দাওয়াতে (যাদের ভোটে আপনি এমপি হয়েছেন)। ইফতার করার সময় যারা আপনাকে দাওয়াত দিয়েছেন তাদের কি বিষয়টা আড়ালে বলা যেতো না? নাকি সেটা মানুষ শুনতো না বলে চিৎকার করে বলে নিজের হেডম প্রকাশ করতে হলো?” তিনি এই আচরণকে ‘সস্তা স্টান্ট’ বলে অভিহিত করেন এবং একে শিষ্টাচার বহির্ভূত কাজ বলে মন্তব্য করেন।

জুলকারনাইন সায়েরের সেই পোস্টে অনেকেই মন্তব্য করে এমপি আব্দুল্লাহ আল আমিনের রাজনৈতিক অপরিপক্কতার কথা তুলে ধরেন। তারা বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটের সমর্থনেই আল আমিন এমপি নির্বাচিত হয়েছেন। অথচ সেই জামায়াতের আমন্ত্রিত অতিথির সাথে এমন আচরণ করা বড় ধরনের রাজনৈতিক ভুল।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ বলায় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন এমপি আল আমিন। তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।