নদী-জল তার গল্প শোনায়—
নীরব স্রোতের ভাষায়;
কত পথ পেরিয়ে আসে জীবন,
কত স্মৃতি ভেসে যায় আশায়।
নদী-জল তার গল্প শোনায়—
ঢেউয়ের বুকে নীরব ভাষায়,
কত পথ পেরিয়ে এসে
কত হাসি, কত কান্না নিয়ে
কত জীবন ভেসে যায় আশায়।
কখনো সে শান্ত-স্নিগ্ধ, কখনো সে কোমল,
কখনো সে উচ্ছ্বাসে দুরন্ত, কখনো সে অশান্ত, চঞ্চল;
তবুও থামে না তার পথচলা,
জীবন যেন তারই মতো বহমান -
কখনো সরল, কখনো বাঁকা ।
নদীর বুকে আকাশ নামে,
মেঘেরা আঁকে স্বপ্নের ছবি;
সোনালি রোদের পরশে
ঢেউয়ের মাঝে সূর্য হাসে,
জেগে ওঠে যেন প্রকৃতির কবি।
তীর ভাঙে, আবার তীর গড়ে,
স্রোত বয়ে যায় অবিরাম;
নদী শেখায়— ভেঙে পড়লেও
ভাঙনের মাঝেই ঘুরে দাঁড়িয়ে
নতুন করে গড়তে হয় ধাম।
নদী জানে—ভাঙন মানেই
সবকিছু শেষ হয়ে যাওয়া নয়;
কখনো ভাঙন পথ তৈরি করে,
কখনো ক্ষতই শক্তি হয়ে
নতুন সম্ভাবনার জন্ম দেয় ।
কত মানুষের হাসি-কান্না,
কত জীবনের নীরব ক্ষত,
নদী বয়ে নিয়ে যায় দূরে,
তবু তার বুকে থাকে সবই অক্ষত।
তার ঢেউ বলে—চলতে শেখো,
পাথর এলেও থেমো না;
অন্ধকারের দীর্ঘ রাতেও
ঝড়ের মুখে দাঁড়িয়ে থেকো,
তবুও হারিয়ো না আলোর পথ ।
তীরে দাঁড়িয়ে বাতাস বলে—
“হারিয়ে যেও না স্রোতের টানে,
যা গেছে, তা যাক দূর সাগরে,
নতুন সকাল আসুক তোমার প্রাণে।”
যা হারিয়েছে, তা নিয়ে
চিরকাল বসে থেকো না ;
মনে রেখো— ধ্বংসের বুক চিরেই
একদিন নতুন স্বপ্ন জন্ম নেয়,
নতুন পথের হয় সূচনা।
জীবনও যেন নদীর মতো—
থেমে থাকার নাম তো নয়;
পাথর এলেও পথ খুঁজে নাও,
ঝড় এলেও হারিয়ো না সয়।
শেষে যখন সাগর ডাকে,
নদী মেশে নীল অসীমতায়;
তবুও হারায় না তার পরিচয়—
অসীমের সঙ্গে মিলনের মাঝে
নতুন দিগন্ত খুঁজে পায়।
তাই নদী-জল তার গল্প শোনায়—
শোনায় জীবনের গভীর গান;
“চলতে শেখো, গড়তে শেখো,
হাল ছেড়ো না কোনোদিন— হে স্বপ্নবাজ !”
সামনে এগিয়ে চলো অবিরাম।
নদী বয়ে যায় আপন মনে,
সময় বয়ে যায় তারই স্রোতে;
মানুষ শুধু রেখে যায় চিহ্ন—
তার কর্মের আলোকরেখা
সময়ের বিস্তৃত পথের প্রান্তে।
নদী-জল তাঁর গল্প শোনায়—
সেই গল্প জীবনেরই কথা;
ভাঙনের পরে গড়ার স্বপ্ন,
অন্ধকারে জ্বেলে দাও
ভেতর থাকা সুপ্ত প্রতিভা-প্রদীপ ।
নদী-জল তার গল্প শোনায়—
ফিসফিস স্বরে বলে বেড়ায় ;
“জীবন শুধু হারিয়ে যাওয়া নয়—
জীবন মানে নতুন রূপে ফিরে আসা,
নতুন কোনো ভোরের আশায়।”
নদী-জল তার গল্প শোনায়—
শুনতে হলে নীরব হও;
ভাঙনের ভয় পেরিয়ে এসে
নিজের ভেতর নদী জাগাও
স্বপ্ন নিয়ে সামনে আগাও।
নদী-জল তার গল্প শোনায়—
বয়ে যেতে হয় আপন স্রোতে,
সময় কারও জন্য থামে না;
পথ যত দুর্গমই হোক,
স্বপ্নকে কখনো হারাতে নেই।
নদী-জল তার গল্প শোনায়—
আসা-যাওয়া আর ভাঙা-গড়া,
আনন্দ-বেদনা আর প্রাপ্তি-ব্যর্থতা
এসব থাকবেই মানুষের জীবনে গাথা,
তবুও যেন থেমে না যায় সফলতার পথ চলা।
জীবন যদি নদীর মতো হয়,
তবে স্রোত হোক সত্যের টানে;
অন্ধকার পেরিয়ে এগিয়ে চলো—
আলোর কোনো নতুন ঠিকানায়।
নদী-জল তার গল্প শোনায়—
শোনায় সময়ের অবিরাম গান;
ভেঙে গিয়েও গড়ে ওঠা,
হারিয়ে গিয়েও ফিরে আসা—
এই তো জীবনের চিরন্তন রীতি।
তাই নদীর মতো বয়ে চলো,
সত্যকে করো পথের দিশা;
ঝড়-ভাঙন যতই আসুক,
হৃদয়ে রেখো দৃঢ় প্রত্যয়—
তবেই জীবন হবে সুন্দর, সফল ও সার্থক।
গাজী খায়রুজ্জামান
লেখক ও স্বাস্থ্যবিষয়ক কলামিস্ট
মোবাইল : 01743 83 48 16


































