ফাইল ফটো
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কে চলাচলকারী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালবাহী যানবাহন থেকে সংঘবদ্ধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবহন শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, চাঁদাবাজির ঘটনায় অতিষ্ঠ হয়ে আকিজ এসেনশিয়াল লিমিটেড কর্তৃপক্ষ নাসু ও রমজান নামে দুজনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় অর্ধশত শিল্পপ্রতিষ্ঠানের মালামাল পরিবহনের অন্যতম প্রধান সড়ক হলো মদনপুর-মদনগঞ্জ সড়ক। অভিযোগ অনুযায়ী, এসিআই মোড়, সোমবারিয়া বাজার ও লক্ষণখোলা এলাকায় মালবাহী যানবাহন থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও হেলপারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী কয়েকজন চালক, যাদের মধ্যে আলমগীর, ইমরান, মনিরুল (ডিভিআর) ও ইব্রাহীম রয়েছেন, অভিযোগ করেন যে, ওইসব এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি ছুরি, চাপাতি ও রামদা নিয়ে গাড়ি থামিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয় এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে তারা দাবি করেন।
আকিজ এসেনশিয়াল লিমিটেডের এএসও মো. বদরুল ইসলাম বলেন, "প্রতিনিয়ত এ ধরনের চাঁদাবাজির ঘটনায় আমরা বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।"
এ বিষয়ে অভিযোগের সত্যতা ও আইনগত পদক্ষেপ সম্পর্কে জানতে বন্দর থানার বক্তব্য পাওয়া যায়নি


































