নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ির মেরামতকাজ স্থগিত চেয়ে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৫, ৫ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ির মেরামতকাজ  স্থগিত চেয়ে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়িতে শুটিংয়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি বিশেষজ্ঞদের মাধ্যমে যথাযথভাবে নিরূপণ করে সংস্কারকাজ পরিচালনা এবং প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের ২১ জন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিক।

সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়ার পর স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে ব্যাপক প্রতিবাদের মধ্যে গত ২৯ সেপ্টেম্বর কর্তৃপক্ষ মেরামতকাজ শুরু করে। তবে স্বাধীন বিশেষজ্ঞদের কোনো ধরনের মূল্যায়ন ছাড়াই মেরামতকাজ শুরু করায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

বিবৃতিতে অবিলম্বে চলমান মেরামতকাজ স্থগিত করে বড় সরদার বাড়ির পূর্ণাঙ্গ কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়নের দাবি জানানো হয়।

 

‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর চার দিনের শুটিংয়ে উচ্চক্ষমতার জেনারেটর, ক্রেন, ট্রলি, ভারী ক্যামেরা, এসি, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এসব সরঞ্জামের কম্পন, তাপ ও চাপের কারণে বড় সরদার বাড়ির দেয়াল ও কারুকাজে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

বিবৃতিদাতারা বলেন, শুটিংয়ে ব্যবহৃত এসব সরঞ্জামের কারণে স্থাপনাটির প্রকৃত কতটা ক্ষতি হয়েছে, তা স্বাধীন ও বিশেষজ্ঞ সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করা জরুরি। এরপর বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী মেরামত ও সংরক্ষণকাজ পরিচালনা করতে হবে।

 

একই সঙ্গে তারা বড় সরদার বাড়িতে শুটিংয়ের অনুমতি প্রদানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন—লেখক, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি ও সাংবাদিক হালিম আজাদ, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি ও মানবাধিকারকর্মী শাহেদ কায়েস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা জুয়েল, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও কবি রহমান মুজিব, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক অমল আকাশ, কবি কাজল কানন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরীন, কবি পলল পরাগ, সাংবাদিক আফসার বিপুল, শিক্ষক কৃতি কণিকা, শিল্পী অমিতাভ চক্রবর্তী, কবি ও শিল্পী আহমেদ বাবলু এবং সাংবাদিক রহমান সিদ্দিক।

সম্পর্কিত বিষয়: