আমি বাবুই হবো, চড়ুই হয়ে হারাবো না ভিড়ে,
নিজ হাতে গড়বো ঘর, স্বপ্ন বুনবো নীড়ে।
আমি শালিক হবো, কাকের কোলাহল নয়,
শান্ত সুরে বলবো কথা, অন্তরে কোনো ভয় নয়।
আমি ঝিনুক হবো, শামুকের ধীরতা নয়,
মুক্তা হয়ে জ্বলবো আমি, অমূল্য আমার পরিচয়।
আমি কোবরা হবো, জোঁক নয়, লোভে নয় রক্তপানে,
শক্তির প্রতীক হয়ে দাঁড়াবো আমি অন্যায়ের প্রমাণে।
বিষে নয় আমার পরিচয়, ভয়ে নয় আমার পথচলা,
আত্মরক্ষায় সীমাবদ্ধ নয়, মানবতার আলো জ্বালা।
দুর্বলতার বন্ধন ছিঁড়ে, গড়বো নিজের দৃঢ় ভিত্তি,
আমি হবো এমন এক শক্তি—যার নামই ন্যায়ের সৃষ্টি।
আমি কোবরা হবো, বিষে নয়, শক্তির দৃঢ়তায়,
শুধু আত্মরক্ষায় নয়, মানবতার কল্যাণের দায়ে;
মানুষের কল্যাণে দাঁড়াবো আমি, অটুট বল হয়ে,
অন্যায়ের সামনে রুখে দাঁড়াবো আমি অভেদ্য ঢাল হয়ে।
স্বার্থের ভিড়ে হারাবো না কখনো নিজের পথ,
মানবতার জয়গান গাইবো আমি নির্ভীক সত্যরথ;
শক্তির দৃঢ়তায় দাঁড়াবো আমি ন্যায়ের পক্ষে এক আশ্রয় ।
আমি ঘাসফুল হবো, গোলাপের অহংকার নয়,
নম্রতায় ফুটে থাকবো আমি, মাটির কাছাকাছি রয়।
আমি আকাশ হবো, মেঘের আড়ালে নয়,
অসীম স্বপ্নে ভাসবো আমি, সীমাবদ্ধতায় নয়।
আমি পূর্ণিমা হবো, অমাবস্যার আঁধার নয়,
আলো দিয়ে ভরাবো পথ, হৃদয়ে কোনো ক্ষয় নয়।
আমি বৃষ্টি হবো, ঝড়ো হাওয়ার রোষ নয়,
শান্ত স্নিগ্ধ ছোঁয়ায় ভিজবে ধরার প্রতিটি প্রাণ।
আমি সাগর হবো, ডোবার জল হয়ে নয়,
গভীরতায় রাখবো শক্তি, বিশালতায় ক্ষয় নয়।
আমি স্বচ্ছ জল হবো, বন্ধ খালের মতো নয়,
তৃষ্ণা মেটাবো সবার, কলুষতার কোনো পরিচয় নয়।
আমি সিংহ হবো, বানরের অস্থিরতা নয়,
গাম্ভীর্যে রাখবো শক্তি, অহেতুক কোনো ভয় নয়।
আমি বাঘ হবো, চিতার গতির মোহ নয়,
নিজ ছন্দে চলবো আমি, অন্যের অনুকরণ নয়।
আমি মানুষ হবো, শুধু নামে নয়;
গুণে, মানে, যোগ্যতায় গড়বো নিজের পরিচয়।
কারো দয়া নয়, কারো অনুগ্রহ নয়—
নিজের পরিশ্রমেই লিখবো জীবনের জয়।
লেখক:
ডা. গাজী খায়রুজ্জামান
হোমিওপ্যাথিক চিকিৎসক, লেখক ও স্বাস্থ্যবিষয়ক কলামিস্ট
মোবাইল: ০১৭১২২৪১২০৪


































