নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ,  প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের অভিযোগে আমিমুল হাসান সাদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও পুলিশ।

র‍্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও (মেলারঘাট) এলাকা থেকে কিশোরীটি নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, সাদ তাকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় কিশোরীটি বাধা দিলে তাকে দেয়ালে ধাক্কা ও ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার ওপরের পাটির কয়েকটি দাঁত ভেঙে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে ভবন থেকে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

স্বজনরা গুরুতর আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১১।

এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পশ্চিমগাঁও এলাকা থেকে মামলার প্রধান আসামি আমিমুল হাসান সাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পর্কিত বিষয়: