নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৫, ২২ জুলাই ২০২৬

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের  ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ নগরীতে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

 

বুধবার (২২ জুলাই) ভোররাতে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ জালাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

 

ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় রাতে  রাব্বি (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। 

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এএসআই শাহ জালালসহ কয়েকজন পুলিশ সদস্য মঙ্গলবার দিবাগত রাতের দায়িত্ব পালনকালে নগরীর চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থান করছিলেন। ভোর ৩টা ৫ মিনিটের দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা কাঁচের বোতল দিয়ে তৈরি একটি পেট্রোল বোমা স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে তল্লা রোডের দিকে পালিয়ে যায়।

 

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত স্মৃতিস্তম্ভের চারপাশে মোড়ানো কাপড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হন।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ও সামনের অংশ পুড়ে যাওয়া একটি কাঁচের বোতল আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

 

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সম্পর্কিত বিষয়: