নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
পুলিশ জানায়, কয়েক দিন আগে ফতুল্লা থানার আওতাধীন জামতলা অক্টো অফিস এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল হয়। ওই ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। তিনি সাবেক মেয়র আইভীর আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। জামিনের পর আদালত চত্বরে তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
আইভীর জামিনের পরদিন তাঁর আইনজীবীসহ তিনজনের গ্রেপ্তারের ঘটনায় নানা আলোচনা তৈরি হয়েছে। তবে আদালত চত্বরে স্লোগান দেওয়ার ঘটনার সঙ্গে এই গ্রেপ্তারের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অবশ্য গ্রেপ্তারের কারণ হিসেবে জামতলা অক্টো অফিস এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলার কথা জানিয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে আইভীর পাশে মামলার নথিপত্রের ফাইল হাতে হাঁটতে দেখা যায়। ওই ভিডিওতে তাঁকে স্লোগান দিতে দেখা যায়নি বলে দাবি করা হচ্ছে।


































