নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় বক্তাবলী গণহত্যা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪১, ২৯ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় বক্তাবলী গণহত্যা

১৯৭১ সালের ২৯ নভেম্বরের রাত। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে নারায়ণগঞ্জের পশ্চিমাঞ্চলে ধলেশ্বরীর পাড়ঘেঁষা বক্তাবলীর বাইশটি গ্রাম। বক্তাবলী ও আলীরটেক—দুটি ইউনিয়নের সমন্বয়ে বক্তাবলী পরগনা। তখন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে সরে যাওয়ার নিরাপদ যাত্রাপথটিও ছিল এই বক্তাবলী। বক্তাবলীর পূর্বে ও দক্ষিণে ধলেশ্বরী আর উত্তরে বুড়িগঙ্গা নদী। দক্ষিণ আমেরিকার আটলান্টিকের পাড়ে লম্বা সরু দেশ চিলির মতো এ বক্তাবলী। দুই নদীর মাঝখানে বক্তাবলীর বাইশটি গ্রাম যেন দুপুরের ঘাসের ওপর বিছিয়ে রাখা মায়ের ভেজা কাপড়।

 

নারায়ণগঞ্জ শহরের কয়েকজন রাজাকারের সহযোগিতায় ২৯ নভেম্বর রাত প্রায় সাড়ে তিনটায় পাকিস্তানি বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে গোটা বক্তাবলীকে। গানবোট নিয়ে ধলেশ্বরীর বুকে তারা অবস্থান নেয়। সুবেহ সাদিকের সময় বক্তাবলীর চরে গানবোট ভিড়িয়ে নদীর পাড়ে নামতে থাকে পাকিস্তানি সেনারা। কিন্তু ঘন কুয়াশার কারণে তারা গ্রামে অগ্রসর হতে সাহস করে না। তখন মুক্তারকান্দি প্রাথমিক বিদ্যালয় ও কানাইনগর হাইস্কুলে মুক্তিযোদ্ধাদের দুটি ক্যাম্প ছিল। নদীর পাড়ে অবস্থিত ডিক্রিরচর মসজিদ ও বিভিন্ন বাড়িতে মুক্তিযোদ্ধারা পাহারায় ছিলেন। এর ফলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের উপস্থিতি সঙ্গে সঙ্গেই টের পেয়ে যান এবং প্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করেন।

 

কুয়াশা একটু কাটতে থাকলে কুঁড়েরপাড় অঞ্চলের নদীর কাছ থেকে গুলি ছুড়তে ছুড়তে প্রথমে গ্রামের দিকে অগ্রসর হতে থাকে পাকিস্তানি বাহিনী। তখন মাহফুজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ শুরু করেন। সকাল তখন প্রায় সাড়ে সাতটা। এখানে উল্লেখ্য, মাহফুজুর রহমান পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন।

 

প্রতিরোধের শুরুতেই পাঁচজন পাকিস্তানি সেনাকে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। আহত হন আরও বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। পাকিস্তানি সেনারা পাঁচটি লাশ ও আহত দুই সেনাকে কাঁধে নিয়ে পিছু হটে যায়। এখানে প্রায় দুই ঘণ্টা যুদ্ধ চলে। এই দুই ঘণ্টার প্রতিরোধের কারণে বক্তাবলীর গ্রামগুলো থেকে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মুন্সীগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে সরে যেতে সক্ষম হন।

 

এরপরই পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামগুলোর ওপর। পাকিস্তানি বাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্রের মুখে মুক্তিবাহিনী বাধ্য হয়ে পিছু হটে। আর তখনই শুরু হয় পাকিস্তানি বাহিনীর তাণ্ডব। তারা ডিক্রিরচর নদীর পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একসঙ্গে হত্যা করে ৪০ জন নিরীহ গ্রামবাসীকে। লক্ষ্মীনগর কবরস্থানের কাছে খড়ের গাদার ভেতরে আশ্রয় নেওয়া দলবদ্ধ নিরীহ গ্রামবাসীদের আগুনে পুড়িয়ে হত্যা করে। শীতের সকালে রাজাপুরের হলুদ সরিষাখেত লাল হয়ে ওঠে, পড়ে থাকে লাশের পর লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদুল্লাহ, মুনীরুজ্জামানসহ বহু ছাত্র ও সাধারণ কৃষককে হত্যা করে তারা।

 

বক্তাবলীতে ১৩৯ জনকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। বক্তাবলী পরগনার বাইশটি গ্রামই গানপাউডার দিয়ে বিকেলের মধ্যেই জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেয় পাকিস্তানি সেনারা। দেশের সংঘটিত গণহত্যাগুলোর মধ্যে বক্তাবলী গণহত্যা অন্যতম।

 

তথ্যসূত্র: ‘মুক্তি সংগ্রামে নারায়ণগঞ্জ’ গ্রন্থ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।

সম্পর্কিত বিষয়: