নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬

আইভীর দুই আইনজীবীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, নাট্যকর্মী মুন্নার একদিনের রিমান্ড ‎

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১১, ১৫ অক্টোবর ২০২৬

আইভীর দুই আইনজীবীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, নাট্যকর্মী মুন্নার একদিনের রিমান্ড  ‎

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর দুই আইনজীবীকে জেলগেটে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। অন্যদিকে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মনজুর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড ও জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। 

‎তাদের আইনজীবী ও সাবেক মেয়র আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন ও কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ এই তথ্য নিশ্চিত করেন। 

‎আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর দুই আইনজীবিসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের বুধবার (১৪ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। 

আগের দিন ১৩ অক্টোবর সেলিনা হায়াৎ আইভী গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিক্সাচালক তুহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে হাজির হয়ে পুনঃ জামিনের আবেদন করেন। আদালত শুনানী শেষে তার পুন:জামিন মন্জুর করেন। পুনঃ জামিন পেয়ে গাড়িতে ওঠার আগ মুহুর্তে আদালত প্রাঙ্গনে আইভী জয় বাংলা স্লোগান দেন। এবং বলেন জয়বাংলাকে দাবিয়ে রাখা যাবে না। এসময় তার সমর্থকরাও জয় বাংলা স্লোগান দেন। 

‎এডভোকেট আওলাদ হোসেন বলেন, এর প্রেক্ষিতে আইভীর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার ভিডিও ফুটেজে গ্রেফতারকৃত আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে তার পাশে মামলার কাগজপত্রের ফাইল নিয়ে হাঁটতে দেখা গেছে।

তিনি বলেন, আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছিলাম। আমরা আদালতকে বলেছি, যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে মামলার এজাহারে তাদের নাম নেই। 

পুলিশ অবশ্য গ্রেপ্তারের কারণ হিসেবে জানায়, কয়েক দিন আগে ফতুল্লা থানার আওতাধীন জামতলা অক্টো অফিস এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল হয়। ওই ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।