নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫৪, ৬ জুলাই ২০২৬

ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেলপাড়ায় অবস্থিত সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেলপাড়ার সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার মো. কাসিম উদ্দীনের ছেলে। তিনি পূর্ব দেলপাড়ায় লিয়াকত আলীর বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। দীর্ঘ আট বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানে ডায়ার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীরের ডিউটি ছিল। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাজ চলাকালে পেপার ছিঁড়ে যাওয়ায় মেশিন বন্ধ হয়ে যায়। পরে তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মেশিন পরীক্ষা করতে গেলে অসাবধানতাবশত মেশিনের ওপর থেকে নিচে মেঝেতে পড়ে যান। এতে তার হাত, কাঁধ ও মাথায় গুরুতর আঘাত লাগে।

সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেতার বার্তা পাওয়ার পর ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে এটি অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলে প্রতীয়মান হয়েছে বলে জানান ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।