নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ আগস্ট ২০২৬

স্কাউটিংয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২৫, ১৭ আগস্ট ২০২৬

স্কাউটিংয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান

স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি এস এম ফয়েজ উদ্দিন।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা আয়োজিত দিনব্যাপী ১৪৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সমাজ পরিবর্তনে শিক্ষকরা আলোকবর্তিকা হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা, মানবিকতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও স্কাউটিং ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়া শিক্ষকদের পরবর্তী সময়ে বেসিক কোর্সেও অংশগ্রহণের আহ্বান জানান।

কোর্সের কোর্স লিডার ও ঢাকা আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বাংলাদেশ স্কাউটসের এ.এল.টি নাজমা চৌধুরী, উডব্যাজার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু, উডব্যাজার মো. গোলাম মোস্তফা শাহীন ও উডব্যাজার মো. জাকির হোসেন সিকদার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা স্কাউট লিডার মো. ওয়ালিউল্লাহসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সম্পর্কিত বিষয়: