নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ও এসআরবি-১১ এর পৃথক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজাসহ বিভিন্ন অপরাধে মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করে বন্দর থানাধীন সালেহনগর এলাকায় নজরুল ইসলামের রিক্সা গ্যারেজের বিপরীতের রাস্তা থেকে এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. বাপ্পী (২১)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। বন্দর রেললাইন ভাঙা পুল এলাকা থেকে এসআই মো. রাজিউর রহমান জনসাধারণের সহযোগিতায় এজাহারনামীয় মো. ইউনুস (৪৫)-কে আটক করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মাদকসেবী: এসআই মো. মেহেদী হাসান দেওভোগ পানির ট্যাংকি মিয়াপাড়া এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় শিশু তাসমির ওরফে তাসনিম এবং মাদক সেবনরত অবস্থায় স্বপন (৪৯) সহ মোট ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেন। এই অভিযানে পূর্বের মামলার ১ জন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন সহ মোট ৯ জন আসামিকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।
অপরদিকে, এসআরবি-১১’র একটি দল বন্দর থানাধীন গোকুলদাসেরবাগ সরকারি হাসপাতালের উত্তর পাশে অভিযান চালায়। এ সময় মো. মিজানুর রহমানের ভাড়ামোট গোডাউন থেকে ১০ কেজি গাঁজাসহ এজাহারনামীয় মাদক ব্যবসায়ী কামরুল হাসান (২৯) ও মো. মিজানুর রহমান (২৭)-কে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































