নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬

ফতুল্লায় মাদক ও সন্ত্রাস দমনে ডিসি-এসপির কাছে গণআবেদন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১০, ১৯ জুলাই ২০২৬

ফতুল্লায় মাদক ও সন্ত্রাস দমনে  ডিসি-এসপির কাছে গণআবেদন

‎নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। 
‎রবিবার (১৯ জুলাই) দুপুরে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির ও  অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর কাছে এ আবেদন জমা দেওয়া হয়।
‎আবেদনে দাবি করা হয়, গত কয়েক মাস ধরে কাঠেরপুল এলাকায় শীর্ষ সন্ত্রাসী রবিন ও গুলজার বাহিনীর সদস্যরা  মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে খান বাহাদুর, মিঠু ,শান্ত , আহাদ, ফারুক, বাপ্পি সহ আরো বেশ কয়েকজন রয়েছে যাদের নিয়ন্ত্রণে ঝুট, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এই সংঘবদ্ধ সন্ত্রাসী  বাহিনীটি।
‎এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। অভিযোগে বলা হয়, চক্রটির সদস্যরা প্রকাশ্যে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

‎লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, মাদক সম্রাট রবিন ও তার সহযোগীরা এলাকার কিশোর ও তরুণদের নানা প্রলোভনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় সামাজিক অবক্ষয় বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।
‎আবেদনে পুলিশ সুপারের কাছে কাঠেরপুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

‎ আবেদনের সঙ্গে এলাকাবাসীর পাঁচ শতাধিক (৫০০+) গণস্বাক্ষর সংবলিত তালিকা এবং বিভিন্ন অপরাধসংক্রান্ত সংবাদপত্রের কাটিং সংযুক্ত করা হয়েছে ।

সম্পর্কিত বিষয়: