নারায়ণগঞ্জের বন্দরে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন ফলজ ও সবজি গাছ কাটাসহ বেড়া ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেকেন্দর ও মুন্নাসহ সাতজনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিরন রশিদ।
গত বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বন্দর থানার সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার আব্বাস আলী মিয়ার ছেলে কিরন রশিদের সঙ্গে একই এলাকার মৃত সামছুল আলম মিয়ার ছেলে সেকেন্দর ও মৃত হাশেম মিয়ার ছেলে মুন্নার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
অভিযোগে বলা হয়, ওই বিরোধের জের ধরে সেকেন্দর, মুন্না, জিতু, সেলিম মিয়ার স্ত্রী আছিয়া বেগম, মৃত হাশেম মিয়ার মেয়ে সেতু ও তুলি, সেলিম মিয়ার ছেলে সময়সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন কোনো ধরনের আপস-মীমাংসা বা বৈধ কাগজপত্র ছাড়াই বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করে দখলের উদ্দেশ্যে পেঁপে গাছ লাগান বলে অভিযোগ করেন বাদী। এ সময় তারা জমিতে থাকা বিভিন্ন গাছপালা কেটে ফেলেন এবং বেড়া ভাঙচুর করে আর্থিক ক্ষতি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
কিরন রশিদ তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা তার সঙ্গে মারমুখী আচরণ করেন। একপর্যায়ে ২ ও ৩ নম্বর অভিযুক্ত তার সঙ্গে ধস্তাধস্তি করে গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা স্বর্ণের আংটি নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। ওই স্বর্ণালংকারের মোট ওজন প্রায় দেড় ভরি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় কিরন রশিদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে জীবননাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কিরন রশিদ বাদী হয়ে বুধবার (৭ অক্টোবর) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে বন্দর থানা পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।


































